
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে দেশের স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ/সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের সর্বজনীন তথা ১০০% উপবৃত্তি চালু এবং ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের G to P পদ্ধতিতে উপবৃত্তির অর্থ প্রদানের লক্ষ্যে যেকোন অনলাইন তফসিলী ব্যাংক /এজেন্ট ব্যাংক/ মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকা প্রয়োজন। এমতাবস্থায়, নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক ব্যাংকিং একাউন্ট খোলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে দ্রুততম সময়ের মধ্যে আবেদন ফরমসহ অন্যান্য তথ্যাদি প্রেরণ করা হবে।
০২। ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম:
(১) দেশের সাধারণ স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ /সমমান শ্রেণিতে অধ্যয়নরত যে সকল ছাত্রীরা সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে বা এই কর্মসূচির সফটওয়্যার HSP-MIS এ নাম এন্ট্রি আছে তাদের একাউন্ট খোলার প্রয়োজন নাই। তবে উক্ত শ্রেণিসমূহে অধ্যয়নরত যে সকল ছাত্রীরা উপবৃত্তি পায়না কেবল সে সকল ছাত্রীদের/অভিভাবকের নামে একাউন্ট খুলতে হবে।
(২) ছাত্রীর অভিভাবক হবেন তার পিতা অথবা মাতা। তবে পিতা অথবা মাতা কেহ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসাবে আপন ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানীকে বুঝাবে।
(৩) পিতা অথবা মাতার নামে যে কোন তফসিলী ব্যাংক/এজেন্ট ব্যাংকে অনলাইন একাউন্ট থাকলে অথবা নতুনভাবে খুলে সংশ্লিষ্ট ছাত্রী তার পিতা অথবা মাতা অর্থাৎ যার নামে একাউন্ট তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করে আবেদনের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
(৪) পিতা অথবা মাতা কেহ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসাবে আপন ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানী-এর যেকোন একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে কোন তফসিলী ব্যাংক/এজেন্ট ব্যাংকে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং একাউন্ট খুলে আবেদনের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। উল্লেখ্য, যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
(৫) পিতা অথবা মাতা জীবিত থাকলেই কেবল শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে সমন্বিত উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে পিতা অথবা মাতার মধ্যে যে-কোন একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে। পিতা ও মাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে তার জাতীয় পরিচয় পত্র (NID) ব্যবহার করে মোবাইল সিম (SIM) রেজিস্ট্রেশনসহ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে। যেমন- পিতার NID ব্যবহার করে মোবাইল সিম (SIM) রেজিস্ট্রেশন করা হলে পিতার NID দ্বারাই পিতার নামে মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় অবশ্যই KYC ফরম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে। উক্ত পদ্ধতির কোনরূপ ব্যতিক্রম হলে G to P পদ্ধতিতে অর্থ প্রেরণ করা সম্ভব হবে না।
(৬) কোন শিক্ষার্থীর পিতা-মাতা ও অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই/বোন/দাদা/দাদী/নানা/নানী কেহই না থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তৃতীয় একজনকে উক্ত শিক্ষার্থীর অভিভাবক হিসেবে নাম উল্লেখ করে প্রত্যয়নপত্র প্রদান করবেন এবং উক্ত প্রত্যয়নপত্র তথ্য এন্ট্রির সময় HSP-MIS এ আপলোড করে দিতে হবে। এরূপ শিক্ষার্থীর ক্ষেত্রে কেবল শিক্ষার্থীর নামে যে কোন তফসিলী ব্যাংকে স্কুল ব্যাংকিং একাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে।
(৭) স্কুল ব্যাংকিং একাউন্ট শিক্ষার্থীর নামে খুলতে হবে। তবে উল্লেখ্য যে, শিক্ষার্থীর বয়স ১৮(আঠারো) বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং স্থগিত হয়ে যায় এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামে জাতীয় পরিচয়পত্র (NID) গ্রহণ করে উক্ত স্কুল ব্যাংকিং একাউন্ট হালনাগাদ করে নিতে হবে।
০৩। নতুন শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি: সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যার ব্যানবেইজ কর্তৃক প্রদত্ত EIIN নম্বর রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালক বরাবর আবেদন করে এ স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আবেদন ফরমসহ অন্যান্য তথ্যাদি www.pmeat.gov.bd এ প্রদান করা হবে।
০৪। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড: সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার HSP-MIS এ প্রথমবার Login করতে হলে স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং USEO/TSEO কে Forgot Password এ ক্লিক করে নতুন Password তৈরি এবং User Active করতে হবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (HSP-MIS) আওতায় উপবৃত্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
০৫। সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে উক্ত বিষয়টি অবহিতকরণসহ এতদসংক্রান্ত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। এ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
| (মোহাম্মদ আসাদুল হক) স্কিম পরিচালক ফোন: ০২-৫৫০০২০৭৩ মোবাইল: ০১৭১২-৫২৯০৭৮ |
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
সকল উপজেলা/থানা।
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
০১। সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২। সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০৩। প্রোগ্রাম কো-অর্ডিনেটর, পিসিইউ, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
০৪। ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা।
০৫। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা।
০৬। মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
০৭। জাতীয় কর্মসূচি পরিচালক, BACS and iBAS++ স্কিম, SPFMS, অর্থ বিভাগ।
০৮। প্রোগ্রাম এক্সিকিউটিভ এন্ড কো-অর্ডিনেটর, BACS and iBAS++ স্কিম, SPFMS, অর্থ বিভাগ।
০৯। সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় (ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ)।